দিল্লিতে ইন্ডিয়ানদের জন্য ফের ভিসা সেবা চালু করলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২১:০০
ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে ফের ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান নাগরিকদের বাংলাদেশের ভিসা দেয়া শুরু হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিনদিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির অংশ হিসেবে ভিসা দেয়া শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশ হাইকমিশনের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইন্ডিয়ান জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়। এর আগে বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়, দেশটি ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতিতে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে দুই দেশ ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। ওই রাতে চট্টগ্রামে ইন্ডিয়ান সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ।
ফলে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয় ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।
ইউডি/এবি

