সাতক্ষীরায় আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ, স্বপ্ন বুনছেন বাগান মালিকরা
উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:৫৭
বাংলার প্রকৃতিতে সবে এসেছে বসন্ত। আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুখরিত এখন গোটা সাতক্ষীরা। গাছে গাছে দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। শহর কিংবা গ্রামে সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে সোনালি রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে।
আমের রাজ্য হিসেবে খ্যাত সাতক্ষীরার প্রতিটি আম বাগানে লেগেছে প্রাণের ছোঁয়া। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। কৃষি বিভাগ বলছে, এবার শীতে কুয়াশা তুলনামূলক কম এবং প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় প্রতিটি আম গাছে মুকুল দেখা দিয়েছে ভালো। এতে আশার আলো দেখছেন আম চাষিরা।
সাতক্ষীরা জেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় চার হাজার ১৪৫ হেক্টর জমিতে আমের আবদ করা হয়েছে এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯শ’ মেট্রিক টন।
সাতক্ষীরা সদরের আম চাষিরা ও তালা উপজেলার নগরঘাটার গ্রামের আম চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও কম কুয়াশার কারণে এবার ভালো ফলনের আশায় বুক বাঁধছেন আম চাষিরা। গাছে আগাম মুকুল আসায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কুয়াশা কম থাকায় চলতি বছর আমের চমৎকার মুকুল হয়েছে। আশা করছি চলতি বছর আমের বাম্পার ফলন হবে।
তিনি আরও বলেন, জেলার সাত উপজেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯শ’ মেট্রিক টন।
ইউডি/রেজা

