যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১২
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:১০
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইসরায়েল। বেকা উপত্যকায় গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
লেবানন সরকার এবং সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে তেলআবিবও।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিসবুল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
লেবানন সেনাবাহিনী জানায়, বালবেক এলাকায় হিজবুল্লার কমান্ড সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনা অভিযান শুরুর পরই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা তেলআবিবের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পর এক বছর ধরে দু’পক্ষ্যের সংঘর্ষ চলে।
শেষ পর্যন্ত গত বছরের গোড়ায় আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
ওই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ইসরায়েলের। কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না বলেও স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তিতে। কিন্তু তা লঙ্ঘন করে নেতানিয়াহুর বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত নভেম্বরে অভিযোগ করেছিল জাতিসংঘে।
লেবানন জানিয়েছিল, যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলে তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইসরায়েলি সেনারা।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে আমেরিকা। এই আবহে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা বড় অশান্তির অনুঘটক হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
ইউডি/রেজা

