নতুন আইজিপি কে এই আলী হোসেন ফকির

নতুন আইজিপি কে এই আলী হোসেন ফকির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৩০

সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন।

কর্মজীবনে আলী হোসেন ফকির ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং ৩, ৫ ও ৭ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রশিক্ষণ ও সরকারি কাজে আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সভাপতি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

তাদের এক ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকার সময় ২০২২ সালের নভেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির।

এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপ-মহাপরিদর্শক ও পরে ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত আইজিপি করা হয়।

আইজিপি হিসেবে তার পূর্ববর্তী দায়িত্বে ছিলেন বাহারুল আলম, যিনি ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading