৪৪তম বিসিএস ক্যাডারদের জন্য বড় সুখবর
উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪৫
দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে চূড়ান্তভাবে বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নবনিযুক্ত শিক্ষকরা ইতোমধ্যেই তাদের আবশ্যিক অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন। প্রাথমিকভাবে ৩৪৮ জনের নাম প্রস্তাব করা হলেও চূড়ান্ত পর্যায়ে ৩২৬ জন কর্মকর্তা কর্মস্থলে যোগদানের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন।
প্রজ্ঞাপনে নতুন শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে কমপক্ষে দুই বছর বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে।
এই সময়ের মধ্যে কোনো ধরনের বদলির আবেদন গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন কর্মকর্তাদের যোগদানের প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।
যদি কোনো কলেজে পদ শূন্য না থাকে বা অন্য কোনো প্রশাসনিক জটিলতা দেখা দেয়, তবে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবনিযুক্ত এই প্রভাষকদের পদায়ন অবিলম্বে কার্যকর হবে।এর মাধ্যমে উচ্চশিক্ষা স্তরে শিক্ষক স্বল্পতা কাটিয়ে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ইউডি/এআর

