আকাশ জয়ের নতুন ইতিহাস: বোয়িংয়ের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ

আকাশ জয়ের নতুন ইতিহাস: বোয়িংয়ের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০৯

বাংলার আকাশে ডানা মেলার স্বপ্ন অনেক নারীই দেখেন, কিন্তু সেই স্বপ্নকে হিমালয়সম উচ্চতায় নিয়ে গেছেন ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ। দেশের প্রাইভেট এভিয়েশনের প্রথম নারী পাইলট হওয়ার গৌরব আগেই ছিল, এবার তার নামের পাশে যুক্ত হলো আরও একটি ঈর্ষণীয় সাফল্য। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা-বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বিশ্বের অন্যতম শক্তিশালী মর্যাদাপূর্ণ উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তিনি।

ফারিয়েলের আকাশছোঁয়া এমন সাফল্যের পেছনে রয়েছে এক দারুণ অনুপ্রেরণার গল্প। তার বড় ভাই ক্যাপ্টেন নোমান ছিলেন এভিয়েশন ক্যারিয়ারের মূল পথপ্রদর্শক। ভাইয়ের হাত ধরেই মেঘের রাজ্যে বিচরণের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তিনি।

সেই স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বাংলাদেশ ফ্লাইং ক্লাব থেকে। কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে তিনি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (CAAB) অধীনে বাণিজ্যিক পাইলট লাইগেহ্ন (CPL) এবং এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স ( ATPL) অর্জন করেন।

ক্যাপ্টেন ফারিয়েলের ক্যারিয়ার গ্রাফ যে কাউকে অনুপ্রাণিত করবে। তার উল্লেখযোগ্য মাইলফলকগুলো হলো- ২০০৭ সালে বাংলাদেশের প্রাইভেট এভিয়েশনে প্রথম নারী পাইলট হিসেবে আত্মপ্রকাশ এবং ‘ড্যাশ ৮’ উড়োজাহাজ পরিচালনা।

এরপর ধাপে ধাপে ২০১০ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দিয়ে ফোকার-২৮, এয়ারবাস-৩১০, বোয়িং-৭৩৭ এবং বোয়িং ৭৭৭ মতো বিভিন্ন মডেলের উড়োজাহাজ সফলভাবে পরিচালনা করেছেন।

এভিয়েশন সংশ্লিষ্টদের মতে ক্যাপ্টেন ফারিয়েলের এই অর্জন কেবল ব্যক্তিগত নয় বরং এটি সমগ্র বাংলাদেশের জন্য এক বিশার গৌরবের বিষয়। এভিয়েশন বিশ্লেষকরা মনে করেন, বোয়িং ৭৭৭-এর মতো বিশালাকায় উড়োজাহাজের ককপিটে ফারিয়েলের এই উপস্থিতি প্রমাণ করে- সাহস আর নিষ্ঠা থাকলে আকাশ পথেও নারীরা অপ্রতিরোধ্য।

মুঠোফোনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন মুখপাত্র দৈনিক উত্তরদক্ষিণকে জানান, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমদের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তিনি প্রমাণ করেছেন যে লক্ষ্য স্থির থাকলে যেকোনো উচ্চতায় পৌঁচানো সম্ভব।

স্বপ্নজয়ী এই নারী পাইলট আজ অগণিত তরুণের চোখে আকাশছোঁয়ার নতুন স্বপ্ন বুনে দিচ্ছেন। ক্যাপ্টেন ফারিয়েলের এই উড়ান চলুক নিরন্তর বাংলাদেশের মানচিত্র গৌরবের সঙ্গে ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading