চীনের সশস্ত্র বাহিনীতে বড় রদবদল
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০
চীনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ ‘টু সেশনস’-এর ঠিক আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে ১৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে নয়জনই সামরিক বাহিনীর শীর্ষ পদে ছিলেন।বহিষ্কৃত তালিকায় রয়েছেন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং, নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সাবেক পার্টি প্রধান সান শাওচংসহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তা।
আইনসভা থেকে তাদের বাদ পড়ার আনুষ্ঠানিক কারণ এখনও জানানো হয়নি।এ ঘটনা ঘটে প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী জেনারেল ঝাং ইউশিয়াকে দায়িত্ব থেকে সরানোর কয়েক সপ্তাহের মধ্যে।
ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ‘দুর্নীতিবিরোধী অভিযান’ চালিয়ে আসছেন। যদিও সমালোচকরা দাবি করেন, এই অভিযানগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে।‘টু সেশনস’ ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্সের হাজার হাজার প্রতিনিধি অংশ নেবেন। এই গুরুত্বপূর্ণ সমাবেশে চীন সরকার তাদের পরবর্তী ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ ও বার্ষিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঘোষণা করবে।
বিশ্লেষকরা মনে করছেন, স্পর্শকাতর এই সময়ে শীর্ষ কর্মকর্তাদের অপসারণ চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইউডি/এআর

