রোজায় দিনে পাঠক কম, রাতে জমে বইমেলা

রোজায় দিনে পাঠক কম, রাতে জমে বইমেলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ০৯:০০

রমজানের কারণে দিনে পাঠক সমাগম কম হলেও ইফতারের পর বাড়ছে ভিড় বইমেলায়। গতকাল সোমবার (২ মার্চ) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।

রমজানের সংযমী আবহের মধ্যেও বইপ্রেমীদের পদচারণায় মুখর রয়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। দিনের বেলায় ক্রেতা-পাঠকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ইফতারের পরপরই ভিড় বাড়ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। প্রকাশকদের আশা, মাসের শেষদিকে বিক্রির গতি বাড়বে এবং কাটবে শুরুর মন্দাভাব।

পাঠকরা বলছেন, রমজান হলেও বইমেলা তাদের কাছে অন্যরকম আনন্দের জায়গা। প্রতিবছরের মতো এবারও নতুন বইয়ের খোঁজে তারা আসছেন। কেউ ইফতারের আগে অল্প সময়ের জন্য ঘুরে যাচ্ছেন, আবার অনেকে নামাজ ও ইফতার শেষে পরিবার-পরিজন নিয়ে আসছেন মেলায়।

মোহাম্মদপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘রমজানের কারণে দিনে ক্লাস ও অন্যান্য কাজ থাকে, তাই ইফতারের পরই মেলায় আসতে সুবিধা হয়। ভিড় একটু বেশি থাকলেও পরিবেশটা তখন বেশি প্রাণবন্ত লাগে।’

মিরপুরের বাসিন্দা চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘রোজার দিনে রোজা থেকে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করা কঠিন। তাই নির্দিষ্ট প্রকাশনীর তালিকা করে নিয়ে এসেছি। তবে ইফতারের পর সময় সীমিত থাকায় সব স্টল ঘুরে দেখা সম্ভব হয় না।’

আজ মঙ্গলবার (৩ মার্চ) মঙ্গলবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : তাজউদ্দীন আহমদ। প্রবন্ধ উপস্থাপন করবেন মহিউদ্দিন আহমদ। আলোচনায় অংশ নেবেন সাজ্জাদ সিদ্দিকী। সভাপতিত্ব করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading