ইন্ডিয়াতে ঢোকার আগে নীলফামারী সীমান্তে ৩ শিশু আটক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৪৫
নীলফামারীর চিলাহাটি সীমান্ত পেরিয়ে ইন্ডিয়াতে প্রবেশের আগে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাজের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে ডোমার উপজেলার সীমান্তবর্তী ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিওপির ৭৮২ নম্বর পিলারের কাছে বিজিবির টহল দলের নজরে আসে ইন্ডিয়া অভিমুখী এই তিন শিশু। সাথে সাথে শিশুগুলোকে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।
জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে বিজিবির ৫৬ ব্যাটালিয়ন আটক ওই তিন শিশুকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক শিশুরা হলো নারায়ণগঞ্জ জেলার আদমজী ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকার কোনাবাড়ী এলাকার মো. আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১২) এবং সুনামগঞ্জের ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (৯-১০)।
শিশুরা দেশের আলাদা আলাদা এলাকার হলেও পরিবার ছেড়ে ইন্ডিয়াতে যাওয়ার বিষয়ে তারা সকলেই নিজেদের পারিবারিক অশান্তির কথা জানায়। তারা তিনজন মূলত ইন্ডিয়াতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল বলে বিজিবিকে জানিয়েছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ইউডি/এআর

