মেট্রোসহ রেলভ্রমণে প্রতিবন্ধীদের জন্য বড় সুখবর

মেট্রোসহ রেলভ্রমণে প্রতিবন্ধীদের জন্য বড় সুখবর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৪০

প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তবে এই ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধারা কি এ সুবিধা পাবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, সে বিষয়ে কথা আজকে হয়নি।

ট্রেনে টিকিটগুলো এখন অনলাইনে কাটা হয়- এ বিষয়ে মন্ত্রী বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে, আপনি আইডি কার্ড দেখালে ৬৫ প্লাস হলে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও সেখানে আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদের একটা কার্ড আছে মন্ত্রণালয় থেকে দেওয়া আছে।

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, বর্তমানে যে সমস্ত ট্রেনগুলো চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরও বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে সেবা এবং যে সার্ভিসটা এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব হবে এবং মানসম্মত হবে।

‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ৮৫ থেকে ৮৬ টা লোকোমোটিভ ইউজ করতে পারি কি না এই ঈদে। সেটা যদি আমরা পারতে সক্ষম হই, আমার মনে হয় শিডিউল মেইনটেইন করা সম্ভব হবে। যেহেতু যাত্রী অতিরিক্ত আছে, সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয়ের হওয়ার সুযোগ থাকবে না।’

ঈদে ঘরমুখো যাত্রীদের কাছে ভাড়া বেশি নেয়ার কোনো সুযোগই নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি। তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু নজরদারিতে রেখেছি। এবং যেকোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা রাখছি। সবার এইরকম সহযোগিতা থাকলে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে, দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকম শহর ছাড়ার নজির নেই। যার ফলে একটা চাপের সৃষ্টি হয়।’

প্রতিশ্রুতি দিয়েও বাস মালিকরা ঈদের সময় ২-৩ গুণ ভাড়া বেশি নেয়- এ বিষয়ে মন্ত্রী বলেন, এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারেই নিতে হবে যে ভাড়া আছে। অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে—একটা দাবি আমাদের কাছে করেছে—যে বাসটা যখন খালি আসতে চায়, আসতে হয় তাদেরকে, সেতু যখন ক্রস করতে হয়, টোলটা ফ্রি করে দেওয়া যায় কি না—এতটুকু দাবি তাদের আছে। বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে। ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

‘ইনশাআল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে ইনশাআল্লাহ।’

ঈদযাত্রা স্বস্তিদায় করতে ছুটি বাড়ানো হচ্ছে কিনা জানতে চাইলে রবিউল আলম বলেন, একদিন ছুটি বাড়ালে যাত্রাটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত। সেটা এখনো বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্তে যাব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading