এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
উত্তরদক্ষিণ। বুধবার (৪ মার্চ) ২০২৬, আপডেট ১২:৩০
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেয়া হয়।
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের অন্যতম ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেয়া হয়।
ইউডি/এবি

