ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে খামেনিপুত্র মোজতবা
উত্তরদক্ষিণ। বুধবার (৪ মার্চ) ২০২৬, আপডেট ২২:৩০
ইসরায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনে তোড়জোড় শুরু করেছে ইরান। দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিন ইরানি কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ৮৮ সদস্যের উচ্চপর্যায়ের আলেমদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মঙ্গলবার এ বিষয়ে দুটি ভার্চ্যুয়াল বৈঠক করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালেই ৫৬ বছর বয়সী মোজতবার নাম ঘোষণা করার কথা ছিল। তবে আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় কেউ কেউ এই মুহূর্তে ঘোষণা দেওয়ার বিষয়ে কিছুটা সতর্কতা প্রকাশ করেছেন।
এর আগে শিয়া ইসলামের অন্যতম কেন্দ্র কোম শহরে এই পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে ইসরায়েল একটি ভবনে হামলা চালায়। তবে আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ জানিয়েছে, হামলার সময় ভবনটি খালি ছিল।
ইউডি/এবি

