শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ০৯:২০

শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীরা আগামী ১০ মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তারা জানান, ৬ থেকে ১০ মার্চ অফিস চলাকালীন সময়ে নির্বাচন কমিশনে সরাসরি এ আপিল দায়ের করা যাবে।

এর আগে শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান, বাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাছাই কার্যক্রম শেষ করেছেন। এখন প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোটগ্রহণ করা হয়। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। আর বগুড়া-৬ আসন ছাড়াও ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টি আসনের সংসদ সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসন ধরে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নতুন তপশিল দিয়ে শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন করছে ইসি। তপশিল অনুযায়ী- আগামী ৯ এপ্রিল এই দুই আসনের ভোটগ্রহণ করা হবে। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading