কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০০
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং এতিম শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উভয় আয়োজনই রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ মার্চ) ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে। কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দিচ্ছে—এই আয়োজন তারই অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে আরও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খরচ সাশ্রয়ের লক্ষ্যে একই ভেন্যু ও একই মঞ্চে দুটি ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার (৮ মার্চ) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে এবং ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের জন্য পৃথক ইফতার আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে।উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন।
বিরোধী দলে থাকাকালেও দলটি সেই ধারা অব্যাহত রেখেছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সম্প্রতি সরকার গঠন করেছে বিএনপি।
ইউডি/এআর

