বাউফলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ট্রাক শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি, ন্যায্য মজুরির দাবি জোরালো
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ১৭:৫
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ট্রাক শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে এই র্যালিতে অংশ নেন শতাধিক শ্রমিক।
র্যালিটি কালাইয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাউফল গোলাবাড়ি মোড়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে বাউফল উপজেলা ট্রাক শ্রমিক সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমান কমিশন ২২ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার দাবি জানাচ্ছি। মালিকদের প্রতি আমাদের এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”
ট্রাক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, “প্রতি ব্যাগ সিমেন্টে বর্তমানে ৫ টাকা দেওয়া হয়, যা অত্যন্ত অপ্রতুল। আমরা তা বাড়িয়ে ১০ টাকা করার দাবি জানাই। এই সামান্য মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, সন্তানদের লেখাপড়ার খরচও বহন করা সম্ভব হচ্ছে না।”
এ সময় সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
র্যালি শেষে শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
ইউডি/রেজা/রুবেল হোসেন

