ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১৯:১৫
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলেই এই মরণঘাতী রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটছে।
তবে সবাই সচেতন হলে এডিস মশার কামড় থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার মাধ্যমে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়, তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি উল্লেখ করেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও এখন এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার প্রজনন হতে পারে। তাই ড্রেন, ডোবা ও নর্দমার মতো জায়গা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়াই মশার বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।তিনি জনগণকে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ির ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর-বাইরে পরিষ্কার রাখার পরামর্শ দেন।ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে।
স্থানীয় প্রশাসন এ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেবে।এছাড়া তিনি জাতীয় সংসদ সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতি শনিবার নিজ নিজ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে।প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল দর্শন হচ্ছে—প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
তাই কোথাও যেন ময়লা পানি জমে না থাকে এবং সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউডি/এআর

