শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল, নিন্দা জানিয়ে যা বলল এনসিপি
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ২০:২৫
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে এনসিপির শিক্ষা ও গবেষণা সেল এ প্রতিক্রিয়া জানায়।
বুধবার (১১ মার্চ) সংগঠনটির শিক্ষা ও গবেষণা সেলের যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক ফয়সল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ানো এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অতীতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতাবিহীন ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে নানা ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে সমালোচিত হয়েছেন।
অনেক ক্ষেত্রে দেখা গেছে, শিক্ষাব্যবস্থা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা ব্যক্তিরাও উচ্চশিক্ষিত শিক্ষকদের ওপর অযাচিত প্রভাব বিস্তার করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।
এনসিপি আরও জানায়, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও শিক্ষানুরাগী সমাজের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল।
সেই উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে বিবেচিত হয়েছিল।
নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগের ইতিবাচক সংস্কারগুলোকে ধরে রেখে শিক্ষাব্যবস্থার বিদ্যমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।
ইউডি/এআর

