যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত

যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১০:৪০

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট।

পোস্টে তিনি বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকার মানতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও আমেরিকার উসকানিতে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এই সংঘাত বন্ধে বর্তমানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট জানান, তিনি এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। রাশিয়া বর্তমানে ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। পেজেশকিয়ান আরও পুনর্ব্যক্ত করেন যে, ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পরিষ্কারভাবে জানান, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো তার দেওয়া এই তিন শর্তের বাস্তবায়ন বলে মনে করে তেহরান।

এদিকে আন্তর্জাতিক মহল ইরানের দেওয়া এই শর্তগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে। আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading