প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১০:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সংসদ ভবনে প্রবেশ করেছেন।

ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে শুরুর দিতেই বিতর্ক ও উত্তাপ বাড়তে পারে।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে তার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির। এ বিষয় নিয়ে প্রথম বৈঠকেই উত্তাপ তৈরি হতে পারে-এমন আভাস দিয়েছেন দল দুটির একাধিক সূত্র।

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে, এমন প্রশ্নের জবাবে গতকাল দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদের এলডি হলে সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি এ ব্যাপারে। কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’

জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে। তারা নিজেদের ভিন্নমত অনুসারে এসব প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে জামায়াত ও এনসিপি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এ বিষয়টি নিয়েও বিরোধী দল সংসদে কঠোর অবস্থান নেবে-এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ। কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে-এটাই সবার প্রত্যাশা।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসছে প্রথম অধিবেশন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading