সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, মাঠে যা ঘটেছিল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ২০:৫০
মাজ সাদাকাতের দুর্দান্ত শুরুর পর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তারা। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে এলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে সেটি বল হাতে নয়, বরং এক বুদ্ধিদীপ্ত রান আউটে। আর এই আউট নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
ইনিংসের ৩৯তম ওভারে নিজের শেষ স্পেল করতে আসেন মিরাজ। ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান খরচ করেন তিনি। চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ান। বলটি সরাসরি বোলার মিরাজের দিকেই যাচ্ছিল।
এ সময় নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আলি আগা ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে যান। বলটি মিরাজের দিকে যেতে দেখে সালমান হয়তো বলটি কুড়িয়ে মিরাজের হাতে এগিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মিরাজ সেই সুযোগ না দিয়ে দ্রুত বলটি তালুবন্দি করেন এবং চোখের পলকে স্টাম্প ভেঙে দেন। সালমান তখনো ক্রিজের বাইরে ছিলেন।
আউট হওয়ার বিষয়টি যেন বিশ্বাসই করতে পারছিলেন না সালমান আগা। অন-ফিল্ড আম্পায়ার সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠালে রিপ্লেতে দেখা যায় সালমান পপিং ক্রিজের বাইরে ছিলেন। থার্ড আম্পায়ার আউটের ঘোষণা দেওয়ার পর চরম অসন্তোষ প্রকাশ করেন সালমান এবং মেজাজ হারিয়ে মাঠ ত্যাগ করেন।
এ সময় ড্রেসিংরুমে ফেরার পথে সালমান বাংলাদেশের খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করে কিছু বলেন। উইকেটকিপার লিটন দাসকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত করতে রিজওয়ান এগিয়ে আসেন। অন্যদিকে মিরাজও উত্তেজিত হয়ে পড়লে তাকে শান্ত করে বোলিং প্রান্তে নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইউডি/এআর

