‘আজ রাতেই ভয়াবহ হামলা হবে ইরানে’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ২৩:৫৯
ইরানে আজ রাতেই সবচেয়ে ভয়াবহ ও সর্বোচ্চ পর্যায়ের হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা ।
শুক্রবার (১৩ মার্চ) আর্লিংটন, ভার্জিনিয়াতে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর আল-জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, পিট হেগসেথ বলেন, ‘আজ আবারও ইরান এবং রাজধানী তেহরান–এর আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।’
তিনি জানান, আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে হেগসেথ বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংসের পরিকল্পনা অনুযায়ী অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর আরও কঠোর হামলার হুমকি দেন। তার পরপরই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানান, আজই ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চসংখ্যক হামলা চালানো হতে পারে।
এদিকে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এসব হামলায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, ভোর প্রায় পাঁচটা পর্যন্ত তেহরানে তীব্র হামলা চলেছে।
এ ছাড়া শুক্রবার সকালে আরাক ও কারাজ শহরে বিমান হামলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
ইউডি/এআর
ইউডি/এআর

