মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ১৫:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেছেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দু’টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’’

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) রাতে সাংবাদিকদের তিনি জানান, তার বাবার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।

একই দিন বিকালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুটি অস্ত্রোপচারই সফল হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading