পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এয়ারবাস নিয়ে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এয়ারবাস নিয়ে আলোচনা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ মার্চ, ২০২৬, আপডেট ২০:০৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট। সোমবার (১৬ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত সম্প্রতি দায়িত্ব নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদী উন্নয়ন সহযোগিতার কথা স্বীকার করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন, স্থিতিশীল উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, অভিবাসন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছে এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের রফতানির প্রতিযোগিতা বজায় রাখার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থা ও সহযোগিতা প্রক্রিয়ার কাঠামোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীরের জন্য অতিরিক্ত সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আসন্ন সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থিতার জন্য ফ্রান্সের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত সেরে শার্লেট শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, দেশটি থেকে এয়ারবাস কেনার বিষয় এখনো আলোচনাধীন রয়েছে। এয়ারবাস কেনার বিষয়ে বর্তমান সরকার বিচক্ষণ সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এয়ারবাস কেনার বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আমাদের সব বন্ধুদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পররাষ্ট্রনীতি নিয়ে আলাপ হয়। বাংলাদেশের সবার সঙ্গে সম্পর্ক থাকবে বাংলাদেশ প্রথম নীতির ভিত্তিতে।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading