জনগণের ভোগান্তি কমাতেই মহাসড়কে নেমেছি: প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৪২
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের গৃহীত সর্বাত্মক ব্যবস্থার ফলে যাত্রীরা যানজট ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।
জআর এ দায়িত্ববোধ থেকেই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হন এবং রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়, সেজন্য সার্বক্ষণিকভাবে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এ মহাসড়ক ব্যবহার করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়।
সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে।
তবে এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
ইউডি/এআর

