পাহাড়ের পাদদেশে মিলল মা-মেয়ের লাশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৫
বান্দরবান শহরের মেঘলা কানাপাড়া এলাকায় উঁচু পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪) মেঘলা কানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়িত্বরতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা ও মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ইউডি/এআর

