ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১৮:১০
কয়েক দফা কমার পর স্বর্ণের দাম আবারও বেড়েছে। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে প্রায় ২ শতাংশ বেড়েছে মূল্যবান এই ধাতুটির দাম।চলমান মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যে তেলের দাম কমে আসায় মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। কমেছে সুদের হার বাড়ার আশঙ্কাও। আর এতেই বেড়েছে স্বর্ণের চাহিদা। যার ফলে ফের দাম বেড়ে গেল ধাতুটির।এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্পট স্বর্ণের দাম ১.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫৫৮.০৩ ডলারে পৌঁছায়। এর আগে সোমবার স্বর্ণের দাম চার মাসের সর্বনিম্ন ৪,০৯৭.৯৯ ডলারে নেমে যায়।অন্যদিকে, আমেরিকার এপ্রিল ডেলিভারির ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আরও বেশি বেড়ে ৩.৫ শতাংশ উত্থান নিয়ে ৪,৫৫৬.৩০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীরা আবার নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।ফলে সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি এখনো অস্থির থাকায় সামনে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ১৯ মার্চ বিকেলে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়।
ইউডি/এআর

