২৭ দিনে শাহজালালে ৭৭৫ ফ্লাইট বাতিল

২৭ দিনে শাহজালালে ৭৭৫ ফ্লাইট বাতিল

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ২২:০৮

মধ্যপ্রাচ্যের অস্থির নিরাপত্তা পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ থাকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট সূচি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে২৫ মার্চ পর্যন্ত ২৭ দিনে মোট ৭৭৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ বা সীমিত রেখেছে। ফলে এসব দেশের গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিন থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। শুরুতে প্রতিদিন ৩০-৪০টি ফ্লাইট বাতিল হলেও ধীরে ধীরে তা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার (২৫ মার্চ) পর্যন্ত প্রতিদিন গড়ে ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে ২৬ মার্চ রাত ১২টার পর থেকে আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি ও জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সূচিতে অনিশ্চয়তা থেকেই যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading