স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দেখলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দেখলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১৪:২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশি-বিদেশি অতিথিরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পুরাতন বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

এবারের কুচকাওয়াজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। ঘোড়ায় চড়ে প্যারেড গ্রাউন্ডে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন। পরে একইভাবে প্রবেশ করেন রাষ্ট্রপতি। তাদের আগমনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ প্যারেড গ্রাউন্ডে জড়ো হন। দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়। অনেকের হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সময়ে এ আয়োজন বন্ধ থাকলেও এবার নতুন উদ্দীপনায় তা পুনরায় অনুষ্ঠিত হলো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading