মুন্সিগঞ্জে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১৮:১৫

মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ার পরপরই একটি মোটরসাইকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ‘পূর্ণিমা ফিলিং স্টেশনে’ এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজাজ পালসার এনএস মডেলের মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও আরোহী অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ জানায়, চালক ইমন মন্ডল (২৯) পাম্প থেকে ৩ লিটার তেল নিয়ে বিল পরিশোধ করার সময় হঠাৎ মোটরসাইকেলটি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ধরে গেলে পাম্পের কর্মী ও উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত চালক ইমন মন্ডল জানান, মাত্র এক দিন আগেই তিনি শখের মোটরসাইকেলটি সার্ভিসিং করিয়েছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পাম্পের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, ধোঁয়া দেখার পরপরই মোটরসাইকেলটি দ্রুত পাম্পের মূল অংশ থেকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা (ওভার হিটিং) অথবা ব্যাটারির ইলেকট্রিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাম্পের সংলগ্ন এলপিজি স্টেশন থাকায় ঝুঁকি বেশি ছিল উল্লেখ করে তিনি ভবিষ্যতে চালক ও পাম্প কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading