মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান আর নেই

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান আর নেই

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১:৩০

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ মার্চ) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষী মো. সুজন জানান, রাত ১১টার দিকে আব্দুল মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, আব্দুল মান্নান মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৭২৯০/এ। গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জুলাই তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার (ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ), একই এলাকার আশ্রাব আলী (ওরফে আশরাফ আলী হাওলাদার), চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার (ওরফে হাতকাটা মহারাজ) ও নুরুল আমিন হাওলাদার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading