বোর্ড পরিচালনায় আসছেন ম্যাশ!

বোর্ড পরিচালনায় আসছেন ম্যাশ!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে যখন অস্থিরতা আর সংকটের কালো মেঘ, ঠিক তখনই দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ।

আইনি কোনো জটিলতা না থাকলে মাশরাফির জন্য বোর্ডের দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে এক নাজুক সময় পার করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত অক্টোবরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এর মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেনদুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। অন্যদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে দেশে না ফেরায় গুঞ্জন ও জল্পনা ডালপালা মেলছে।

বোর্ডের এই বিশৃঙ্খলায় বিসিবির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে দাবি করেছেন ফারুক আহমেদ।বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘কারও সরে দাঁড়ানোটা তার ব্যক্তিগত বিষয়। বোর্ডে ২৫ জন পরিচালক আছেন। তারা থাকলে ভালো হতো, তবে দুজন না থাকলেও বোর্ডের কাজ থেমে থাকবে না। সব নিয়ম মেনেই চলবে।’

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদানের কথা স্মরণ করে ফারুক আহমেদ বলেন, ‘মাশরাফি অধিনায়ক হিসেবে যা করেছেন তা সবার জানা। তার অবদান ভোলা সম্ভব নয়। যদি কোনো আইনি বাধা না থাকে, তবে পরিচালক হিসেবে মাশরাফি বোর্ডে আসতেই পারেন।’

তবে মাশরাফির বর্তমান কোনো আইনি জটিলতা আছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

বিসিবি যখন নেতৃত্ব সংকটে ভুগছে, তখন মাশরাফির মতো অভিজ্ঞ এবং জননন্দিত একজন ব্যক্তিত্ব বোর্ডে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া শেষে ‘নড়াইল এক্সপ্রেস’ সত্যিই বিসিবির নীতিনির্ধারক পর্যায়ে আসীন হন কি না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading