আইপিএলের ১৯তম আসর শুরু আজ

আইপিএলের ১৯তম আসর শুরু আজ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ০৯:৪০

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম আসর। দশ দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দারাবাদ। দুই দলেলই লক্ষ্য জয় দিয়ে আইপিএল শুরু করা।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ব্যাঙ্গালুরু-হায়দারাবাদ ম্যাচটি।

আইপিএলের ১৮তম আসরে শিরোপা জিতেছিল ব্যাঙ্গালুরু। আহমেদবাদে অনুষ্ঠিত ফাইনালে ব্যাঙ্গালুরু ৬ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। এটা ছিল আইপিএলে ব্যাঙ্গালুরুর প্রথম শিরোপা জয়।

১৯তম আসর শুরুর আগ মুহূর্তে ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানায় বদল এসেছে। প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরুর পুরুষ এবং নারী দলের মালিকানা কিনে নিয়েছে আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বাধীন ব্যবসায়ী জোট।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দুটি দলের কর্ণধার- ডেনভার ব্রঙ্কোসের রব ওয়াল্টন এবং ডেট্রইট লায়ন্সের স্বত্বাধিকারীরা। এজন্য খরচ হয়েছে ১৫ হাজার ২৯০ কোটি রুপি।

ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব ছাড়াও গত আসরের প্লে-অফ খেলেছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচে গুজরাটকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ওঠে মুম্বাই। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে পাঞ্জাাবের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় মুম্বাই।

গত আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস, হায়দারাবাদ, লক্ষ্মৌ সুপার জায়ান্টস, কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আগের আসরের ব্যর্থতাকে পেছনে ফেলে, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আইপিএল শুরু করবে তারা।

আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৮৪টি ম্যাচে লড়বে ক্রিকেটাররা।

তবে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত বছরের ৪ জুন ব্যাঙ্গালুরু শিরোপা জয়ের উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে ফাইনালের দিন ৩১ মে জমকালো সমাপনী অনুষ্ঠান করবে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। কিন্তু পিঠের ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন না কামিন্স। তার অনুপস্থিতিতে হায়দারাবাদকে নেতৃত্ব দেবেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ইশান কিশান।

রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানের পরিবর্তে ট্রেড উইন্ডোতে সঞ্জুকে দলে নেয় চেন্নাই। রাজস্থানের নেতৃত্বে দেখা যাবে ব্যাটার রায়ান পরাগকে। গত আসরের শুরুতে স্যামসনের ইনজুরিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পরাগ।

এবারের আসরে দশটি দলকে তাদের অর্জিত শিরোপার সংখ্যার ভিত্তিতে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপ থাকছে চেন্নাই সুপার কিংস (৫ শিরোপা), কোলকাতা নাইট রাইডার্স (৩ শিরোপা), রাজস্থান রয়্যালস (১ শিরোপা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (১ শিরোপা) ও পাঞ্জাব কিংস।

‘বি’ গ্রুপে: মুম্বাই ইন্ডিয়ান্স (৫ শিরোপা), সানরাইজার্স হায়দরাবাদ (১ শিরোপা), গুজরাট টাইটান্স (১ শিরোপা), দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

এবারের আসরে প্রতিটি দল নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে লড়বে। তবে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে দু’বার করে খেলবে।

প্লে-অফের ভেন্যু চূড়ান্ত না হলেও লিগ পর্বের জন্য ১৪টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যুগুলো হলো- মুম্বাই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, কোলকাতা, লক্ষ্মৌ, গুয়াহাটি, হায়দরাবাদ, মুল্লানপুর, বিশাখাপত্তনম, ধর্মশালা, জয়পুর ও রায়পুর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading