জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৫০

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও দেশের কৃষি উৎপাদন সচল রাখতে এবং জনমনে স্বস্তি দিতে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আয়োজিত সংসদীয় দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বোরো মৌসুমের ভরপুর সময় চলছে। কৃষি উৎপাদনে যেন কোনো সংকট তৈরি না হয়, সে জন্য সার, বীজ ও বিদ্যুৎ খাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে আমরা মূল্য স্থিতিশীল রেখেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো কৃষিপণ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা।’

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী অনেক দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনা ঘটলেও, প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জ্বালানি তেলের পাচার রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি তেল পাচারের কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

‘অধ্যাদেশ’ নিয়ে আগামীকাল বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

বিকেল ৪টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভায় সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading