কুমারখালীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৬

কুমারখালীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৬

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৩:১৫

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাত পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুছাম শেখের দাদির প্রায় ৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন তার চাচাতো ভাতিজা হাবিল শেখ। সম্প্রতি ওই জমি হাবিল অন্যত্র বিক্রির জন্য ক্রেতা ঠিক করেন। বৈধ কাগজপত্রা না থাকায় জমি বিক্রি থেমে যায়। তখন বিষয়টি জানাজানি হলে মুছাম শেখ জমি বুঝে চান।

এ নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুছাম তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে যান। তখন হাবিলদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাতে দুপক্ষ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৬ জন আহত হন। তারা কুমারখালী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষে মুছাম শেখ পক্ষের আহতরা হলেন- মুছাম শেখ (৫০), তার ছেলে পরাণ শেখ (২২), মজনু প্রামাণিক (৪৬), তার ছেলে ইমন প্রামাণিক (২০) ও সুমন প্রামাণিক (২২), রাশিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৭), কামাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩২) ও শরিফ বিশ্বাসের ছেলে রিশাদ আলী (১৯)।

প্রতিপক্ষের আহতরা হলেন- হাবিল শেখের স্ত্রী লিপি খাতুন (৪৫), তার ছেলে আসিফ (২২), আনছার আলীর স্ত্রী রাশিদা খাতুন (৩৭), ফারুক শেখ (৩৫), তার ছেলে সিজানুর রহমান (২২), আব্দুর রহমানের ছেলে আসিফ হোসেন (২৩), রেজন শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাজিত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৩)।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “জমি নিয়ে চাচাতো ভাই-ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকা শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading