ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে মিলল মদের বোতল
উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৮:০০
রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আনিপা লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাসপুর গ্রামের আশফাক ভূঁইয়ার মেয়ে। ছোট ভাইয়ের সঙ্গে ভাটারার ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহত শিক্ষার্থীর ছোট ভাই আকিল ভূঁইয়া জানান, আমি এবং আমার বড় বোন বাসায় থেকে লেখাপড়া করি। আমাদের মা-বাবা নারায়ণগঞ্জে থাকেন। গতকাল রাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। পরে তার রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে দেখি আপু অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) রায়হানুল ইসলাম জানান, রাতের দিকে খবর পেয়ে বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। এ সময় ওই নারীর মরদেহের আশেপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাই।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউডি/এআর

