সাতক্ষীরায় নদীর ভাঙন: হুমকিতে শত বছরের পুরানো বাজার

সাতক্ষীরায় নদীর ভাঙন: হুমকিতে শত বছরের পুরানো বাজার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৫৯

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণে নদীর স্রোত সরাসরি বাজারের দিকে আঘাত হানায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন বেতনা নদীর পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ প্রতিনিয়তই ধসে পড়ছে। গত কয়েক দিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন করা হয়নি। উল্টো ভাঙনকবলিত বুধহাটা বাজার এলাকাতেই খননকাজ চালানো হয়েছে। ফলে নদীর স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে আসায় এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ঘাটে একটি খেয়া নৌকা ভিড়তে গেলে হঠাৎ পাড়ের বড় একটি অংশ ধসে যাত্রীরা নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার ও জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্রোতের দিক পরিবর্তনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের পুরানো বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান বলেন, ‘নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি আমরা দেখব।’

বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খাসজমি রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।’

দায়িত্ব এড়িয়ে নির্বাহী প্রকৌশলীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, পাউবোর মূল বাঁধ কয়েক যুগ আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান চিত্র এমন দাঁড়িয়েছে যে, পুরোনো মূল বাঁধটি নদী পার হয়ে অপর পাড় অর্থাৎ বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে।

তারা আরও জানান, বর্তমানে যে বাঁধটি বুধহাটা পাড়ে রয়েছে, তা ভাঙতে ভাঙতে পিছু হটে বাজারের মধ্যে এসে পৌঁছেছে। নির্বাহী প্রকৌশলী এখন কোন বাঁধ রক্ষা করবেন, সেই প্রশ্ন রেখে এলাকাবাসী জানান, দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে পুরো বাজার ও জনবসতি নদীগর্ভে হারিয়ে যাবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading