জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় না, ফ্রড আন্ডার কনস্টিটিউশন: আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩১ মার্চ) ২০২৬, আপডেট ২২:৩০
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় নয়, ফ্রড আন্ডার কনস্টিটিউশন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল জানেই না কিসের ওপর বক্তব্য রাখছেন। বাহাত্তরের সংবিধান মানবেন না, আবার সুযোগ নেবেন সংবিধানের আলোকে। যে আদেশের ওপর নির্ভর করছেন সেটিও বাহাত্তরের সংবিধান।’
এই সংবিধান সামনে রেখেই যাবতীয় কার্যক্রম করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সংশোধনীও আনতে পারবো। যেই প্রশ্ন গণভোটে গেছে সব সংবিধান সংশোধন সাপেক্ষে। বিএনপি আবেগ নিয়ে জুলাই সনদকে ধারণ করে জাতীয় সংসদে ৫ শতাংশ নারী মনোনয়ন দিয়েছে। আমরা জুলাই সনদ বুকে ধারণ করি। বিরোধী দল জুলাই সনদ নিয়ে মুখে ফ্যানা তুলছে, কিন্তু কোনো নারী সদস্যকে মনোনয়ন দেয়নি।’
জুলাই সনদকে ধারণ করে ডেপুটি স্পিকার বিরোধী দলকে অফার করা হয়েছিল উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে তারা ডেপুটি স্পিকার নেয়নি।’
ইউডি/এবি

