ইরানের মাটিতে পা দিলেই মৃত্যু, রণপ্রস্তুতির নির্দেশ সেনাপ্রধানের

ইরানের মাটিতে পা দিলেই মৃত্যু, রণপ্রস্তুতির নির্দেশ সেনাপ্রধানের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৪৮

যেকোনো সম্ভাব্য প্রতিকূল কর্মকাণ্ড মোকাবিলায় নিজেদের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানিয়ে শত্রুপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুলরাহিম হাতামি। খবর ওয়ানা নিউজের।

তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুরা যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তাহলে সেনাবাহিনীর পাল্টা জবাব হতে হবে এমন যেন- “একজন আক্রমণকারীও জীবিত ফিরে যেতে না পারে।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সামরিক ইউনিট ও অপারেশনাল হেডকোয়ার্টারের কমান্ডারদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান এই নির্দেশ দেন।

স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। শত্রুর প্রতিটি পদক্ষেপকে ‘চরম সন্দেহ এবং সর্বোচ্চ নিখুঁত ভাবে’ প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক- উভয় ক্ষেত্রেই বাহিনীকে সার্বক্ষণিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বিভিন্ন সম্ভাব্য আক্রমণ মোকাবিলার পরিকল্পনাগুলো সঠিক সময়ে বাস্তবায়নের জন্য কমান্ডারদের তাগিদ দেন। তার বক্তব্যের অন্যতম সুস্পষ্ট অংশে তিনি জোর দিয়ে বলেন, যদি শত্রু স্থল অভিযান শুরু করে, তাহলে সেনাবাহিনীকে এমনভাবে কাজ করতে হবে যাতে আক্রমণকারীদের কেউই বেঁচে না ফেরে।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, অঞ্চলের কিছু অংশ নিরাপত্তা ভোগ করবে আর ইরানের জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে- এটি কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শত্রুদের ওপর চাপ অব্যাহত থাকবে।

তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য- যেখানে ‘যুদ্ধের পর ইরানের মানচিত্র পরিবর্তন’ করার কথা বলা হয়েছে- সেটিকে আমেরিকা ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এসব অবস্থান প্রমাণ করে যে শত্রুরা ‘ইরানের নাম এবং অস্তিত্বের’ ওপর আঘাত হানতে চায়।

ইরানের সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের মধ্যে গড়ে ওঠা ‘ইরানের জন্য ত্যাগ’ প্রচারণার প্রশংসা করেন। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রেখে ‘সবকিছু ইরানের জন্য’ স্লোগান নিয়ে এগিয়ে যাওয়ার এবং পূর্ণ বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের এই কড়া অবস্থান মূলত সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের কাছ থেকে আসা হুমকির বিপরীতে একটি শক্তিশালী সামরিক বার্তা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading