চমক দিল বিটিএসের নতুন মিউজিক অ্যালবাম

চমক দিল বিটিএসের নতুন মিউজিক অ্যালবাম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:৩০

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে রাজকীয়ভাবে ফিরেছে বিশ্বের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর গান ‘২.০’-এর মিউজিক ভিডিও। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমা ‘ওল্ডবয়’-এর থিমে নির্মিত এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

অ্যালবাম মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় নতুন এই ভিডিওটি প্রকাশ করেছে ব্যান্ডটি। মিউজিক ভিডিওর শুরুতে বিটিএসের সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুককে একটি অন্ধকার করিডোরে স্যুট ও লেদার জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। ২০০৩ সালের আলোচিত সিনেমা ‘ওল্ডবয়’-এর মারপিটের দৃশ্যের আদলে এখানে একদল মানুষের মুখোমুখি হন তারা। তবে কোনো লড়াই নয়, বরং নিজেদের দুর্দান্ত কোরিওগ্রাফি ও নাচের মাধ্যমেই চমক দিয়েছেন বিটিএস সদস্যরা।

ভিডিওর বিভিন্ন অংশে সদস্যদের পুরনো বাথরুমের আয়নার সামনে এবং পরে একটি বহুতল ভবনের নান্দনিক পরিবেশে পারফর্ম করতে দেখা যায়। গত ৩১ মার্চ ভিডিওটির একটি সংক্ষিপ্ত টিজার প্রকাশের পর থেকেই এটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল।

ভিডিওটি প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসায় ভাসছে বিটিএস। কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন তাদের নিখুঁত কোরিওগ্রাফি নিয়ে, আবার কেউ অবাক হয়েছেন মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুটি মিউজিক ভিডিও উপহার দেওয়ায়।

১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এসেও তাদের পারফরম্যান্সের এমন ধার দেখে অনেক নেটিজেনদের মন্তব্য এমন- বর্তমানে বিটিএসের সমকক্ষ কেউ নেই। সব মিলিয়ে প্রিয় ব্যান্ডের প্রতি ভক্তদের এমন অকুণ্ঠ ভালোবাসা ও ইতিবাচক মন্তব্যে সরগরম হয়ে উঠেছে সামাজিক মাধ্যম।

বর্তমানে বিশ্ব সংগীতের বাজারে দাপট দেখাচ্ছে বিটিএসের এই নতুন অ্যালবাম। এটি এরই মধ্যে বিলবোর্ড ২০০ চার্টে শীর্ষস্থান দখল করেছে এবং এর প্রধান গান ‘সুইম’ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে রয়েছে। ‘২.০’ গানটি প্রযোজনা করেছেন মাইক উইল মেড-ইট ও প্লাস এবং এর গীতি রচনায় অংশ নিয়েছেন ব্যান্ডের সদস্যরা নিজেই।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading