গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:০০

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ বছর এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ৯ হাজার ১৩৩ জন শিক্ষার্থী।

প্রতিবারের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টায় সারাদেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাশাপাশি দ্বিতীয়বার আবেদন বা সেকেন্ড টাইমের সুযোগও রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা চালু করা হয়েছে। ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে একাধিক হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য রাখা হয়েছে বিশ্রাম ও হালকা নাস্তার ব্যবস্থা। জরুরি চিকিৎসাসেবায় প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যদের পাশাপাশি প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন। কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নকল ও প্রক্সি রোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি চালাবে।

তিনি আরও জানান, পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে প্রবেশপত্র প্রদর্শন করে কেন্দ্রে প্রবেশ করতে পারবে। কোনো ধরনের ব্যাগ বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় দুটি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ইবি থানার সামনে অভিভাবকদের জন্য আলাদা বিশ্রামকেন্দ্র রাখা হয়েছে। এছাড়া মেইন গেট এলাকায় বিভিন্ন সংগঠনের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষের গেট খোলা হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট হতে হবে এবং তাতে প্রার্থীর ছবি ও তথ্য স্পষ্ট থাকতে হবে।

প্রতিটি পরীক্ষার্থীকে প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা ও উত্তরপত্রে একই স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্র পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক, পেনসিল ব্যবহার করা যাবে না।

পরীক্ষার দিন প্রবেশপত্রের সঙ্গে উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে স্বাক্ষর করবেন। ভবিষ্যৎ ব্যবহারের জন্য প্রবেশপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading