‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর দাবি ইরানের

‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর দাবি ইরানের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৪৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইরানও সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানিদের লক্ষ্য করে অবৈধ, কাপুরুষোচিত এবং অপরাধমূলক যুদ্ধের জন্য শত্রুপক্ষ ইতোমধ্যে তর্কাতীত, ঐতিহাসিক এবং বিধ্বংসী পরাজয় ভোগ করা শুরু করেছে। ইরান বড় বিজয় অর্জন করেছে।”

এদিকে একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুদ্ধবিরতির ঘোষণার পর গতকাল মঙ্গলবার টেলিফোনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, “এটা (আমাদের) সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর পাকিস্তানকে মধ্যস্ততাকারীর ভূমিকায় আসার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্চের ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট; ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরে তিনি সেটির একটি সংশোধিত সংস্করণ পাঠান। সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ ছিল।

ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার দুই সপ্তাহ যুদ্ধবিরতির পক্ষে মত দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পও তা মেনে নেন।

তবে এর আগের দিনগুলোতে ইরানকে ব্যাপক হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সোমবার ইরান যদি সমঝোতা চুক্তিতে না আসে— তাহলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেতুসহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি।

নতুন এই ২ সপ্তাহের যুদ্ধবিরতি যদি ব্যর্থ হয় এবং ইরান যদি সমঝোতা চুক্তিতে না আসে— সেক্ষেত্রে ট্রাম্প তার হুমকি কার্যকর করবেন কি-না— এএফপির এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আপনাদের ধৈর্য ধরতে হবে। চীন এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। আমার বিশ্বাস, যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইরানকে আলোচনার টেবিলে আনা এবং সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ইরানকে সহযোগিতা করবে চীন।”

সূত্র: গালফ নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading