নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করাই প্রথম লক্ষ্য: তামিম ইকবাল
আরাফাত রহমান। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৫৫
প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা। এরপর যত দ্রæত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই প্রক্রিয়ার পথ ধরে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ফুটিয়ে তোলা। বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এই কথাগুলিই তুলে ধরলেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণার মাধ্যমে মঙ্গলবার বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যার আগেই বিসিবিতে আসেন তামিম। শুরুতে বোর্ডের বিভিন্ন বিভাগের গিয়ে পরিচিত ও ছোটখাটো বৈঠক করেন। এরপর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে প্রথম বোর্ড সভাও সেরে ফেলেন। বোর্ড সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তামিম। সেখানেই জানান প্রথম লক্ষ্যের কথা।
তিনি বলেন, এখানে যখনই এরকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১১ সদস্যের এই অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা আছে তিন মাসের মধ্যে বোর্ডের নির্বাচন আয়োজন করার। তামিম জানালেন, সৎ ও সুন্দরভাবে তারা সেই দায়িত্ব পালন করতে চান। পাশাপাশি বোর্ডের দৈনন্দিন কার্যক্রমও মসৃণভাবে গিয়ে নিতে চান তারা। তিনি আরও বলেন, আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রæত করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।
আগামী নির্বাচনেও অংশ নেবেন তামিম
বিসিবির নতুন প্রধান জানালেন, বিসিবির আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন। বিসিবির গত নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন তামিম। মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে নির্বাচনে সরকারের হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। দায়িত্ব গ্রহণের পর বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি। পাশাপাশি আগ্রহী সবাইকে অনুরোধ করলেন নির্বাচনে অংশ নিতে। তিনি বলেন, যখন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে-শুধু আমরা নই, যারা যারা আগ্রহী, সবাইকে অনুরোধ করব অংশগ্রহণ করতে। একটা বোর্ডের নির্বাচন হবে, এটা যারা যারা আছেন, বোর্ডের ক্রিকেটাররা, সংগঠক, সবার অংশ নেওয়া উচিত। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, এই অবস্থানটা আমরা এই পরিবেশ তৈরি করে দেব, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।
ইউডি/এজেএস

