বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে: আসিফ

বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে: আসিফ

উত্তরদক্ষিণ বুধবার (০৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপির সরকার গঠনের দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তার অভিযোগ, আওয়ামী লীগ ধীরে ধীরে এ পর্যায়ে পৌঁছালেও বিএনপি খুব দ্রুত সেই পথে এগোচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, সম্প্রতি ২৮ জন বিচারককে শোকজ করার ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার দাবি, বিচারকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার স্ক্রিনশট সরকারের পছন্দ না হওয়ায় তাদের শোকজ করা হয়েছে। “এর মাধ্যমে বোঝানো হয়েছে, সরকারের পছন্দের বাইরে রায় দেওয়া যাবে না, এমনকি নিজেদের মধ্যে আলোচনাও সীমিত হয়ে যাবে”—বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের জবাবে আসিফ বলেন, বিসিবি নির্বাচন নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ সঠিক নয়। “বিসিবির নিজস্ব সংবিধান অনুযায়ী কাউন্সিলর আনা হয়েছিল। কিন্তু তারা এমন কিছু নাম দিতে চেয়েছিল, যাদের খেলাধুলার সঙ্গে কোনও সম্পর্ক নেই,” বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে আবারও গ্রেফতারের ঘটনা বাড়ছে। এনসিপির এক শাখার যুগ্ম সদস্য সচিবকেও এভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। “প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না—এমন পরিবেশ তৈরি করা হচ্ছে,” মন্তব্য করেন আসিফ।

অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যে অবস্থানে দেশ পৌঁছেছিল, সেখান থেকে এখন উল্টো পথে হাঁটা শুরু হয়েছে। “শেখ হাসিনার ভাষায় যে ‘অ্যাবসলিউট পাওয়ার’—তার প্রতিফলন এখন বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে,” বলেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading