বৈশাখী শোভাযাত্রার আয়োজনে যা থাকছে

বৈশাখী শোভাযাত্রার আয়োজনে যা থাকছে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৩০

১৪৩৩ বঙ্গাব্দ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানামুখী উৎসব। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশালাকৃতির মোটিফগুলোর কাঠামো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে একেকটি প্রতীকী অবয়ব। বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলার সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে।

শুধু কি পটুয়া নাজির, এখানে কারো বর্ণিল তুলির রেখায় রঙিন হয়ে উঠছে সরা, কারওবা সুনিপুণ হাতের ছোঁয়ায় আকৃতি আসছে মোটিফে। এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। বাঁশ এবং কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে পাঁচটি প্রতীকী অবয়ব।

আরও থাকছে টেপা পুতুল ও বাউল গানের প্রতীক একতারাও। চারুকলা অনুষদের ৭১তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন। আয়োজনের গতি বাড়াতে এ কর্মযজ্ঞে সামিল হয়েছেন অন্য ব্যাচ ও সাবেক শিক্ষার্থীরাও।

এদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতিবছরের মতো এবারও চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। দেশীয় সংস্কৃতি ও রাজনৈতিক অধিকারকে গুরুত্ব দিয়ে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদ্‌যাপন করা হবে বাঙালি প্রাণের মিলনমেলা বৈশাখবরণ উৎসব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading