ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
উত্তরদক্ষিণ। শনিবার (১১ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০
ইসলামাবাদে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছেন। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের পর দুই সপ্তাহের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চলাকালীন ইরান ও আমেরিকার মধ্যে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে, যা এখনও চলছে।
আলোচনায় আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আল জাজিরার প্রতিবেদন মতে, আগে পরোক্ষ আলোচনা হবে বলে জানা গেলেও পরে তাতে পরিবর্তন এসেছে। দুই পক্ষ এখন সরাসরি মুখোমুখি বসে আলোচনা করছে এবং সেই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও সেখানে উপস্থিত আছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
ইউডি/এবি

