হামের টিকা ৪ সিটিতে শুরু আজ, যাদের না দেয়ার পরামর্শ

হামের টিকা ৪ সিটিতে শুরু আজ, যাদের না দেয়ার পরামর্শ

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:০০

দেশে উদ্বেগজনকভাবে হামের প্রাদুর্ভাবের মধ্যে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর আজ রবিবার (১২ এপ্রিল) থেকে বাড়ানো হয়েছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এরপর আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর সেটি দেয়া পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাম প্রতিরোধে গত রোববার (৫ এপ্রিল) থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেয়া যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading