হরমুজ প্রণালি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে ‘চরম মতভেদ’
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, আপডেট ০১:০৫
একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে নিয়মিত বার্তার আদান-প্রদান চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির চেষ্টা চললেও ওয়াশিংটনের পক্ষ থেকে আসা ‘অস্বাভাবিক ও অতিরিক্ত’ কিছু দাবির কারণে এই প্রক্রিয়ার অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে পরামর্শমূলক আলাপ-আলোচনা অব্যাহত থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ এখনো একমত হতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বড় মতভেদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘস্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইউডি/কেএস

