ইসলামাবাদে আলোচনায় আমেরিকার ওপর আস্থা পায়নি ইরান: গালিবাফ
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৫৪
ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনায় ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে আমেরিকা—এমনটাই জানিয়েছেন ইরানের আলোচক দলের নেতা ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার আগে থেকেই ইরান সদিচ্ছা ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। তবে অতীতের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে তারা আমেরিকার ওপর আস্থা রাখতে পারছে না।
তিনি জানান, ইরানি প্রতিনিধিদল আলোচনায় ১৬৮টি গঠনমূলক ও ভবিষ্যতমুখী প্রস্তাব উপস্থাপন করেছিল। কিন্তু এতকিছুর পরও আমেরিকা এই দফায় ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।
গালিবাফ আরও বলেন, আমেরিকা ইরানের যুক্তি ও নীতিমালা বুঝতে পেরেছে। এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ইরানের আস্থা অর্জনে সক্ষম হবে কি না।
তিনি কূটনীতিকে সামরিক সংগ্রামের পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান তাদের “৪০ দিনের জাতীয় প্রতিরক্ষা”-এর অর্জন সংরক্ষণে প্রচেষ্টা চালিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য চলমান আলোচনায় দুই দেশের মধ্যে আস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।
সূত্র: আল জাজিরা
ইউডি/রেজা

