সোমবার সকাল ১০টায় ইরানি বন্দর অবরোধ শুরু হবে: ট্রাম্প
উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ১১:৩০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ সোমবার সকাল ১০টা থেকে ইরানের সব বন্দর অবরোধ করা হবে।
সোমবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। এর আগে, গতকাল রোববার ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেন।
ট্রুথের পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকার ১৩ এপ্রিল সকাল ১০টায় (পশ্চিমা সময়) ইরানের বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী জাহাজগুলোকে অবরোধ করবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!।’
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে। কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না।
আমেরিকার নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।
ট্রাম্প হুঁশিয়ারি দেন, যে ওই অবৈধ টোল দেবে, সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পরে তিনি বলেন, ‘খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে। এ হুমকির পরদিন ট্রাম্প এমন ঘোষণা দিলেন।
ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে।
আমেরিকার বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
ইউডি/এবি

