বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল

বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:৪৬

পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার একেবারে সামনেই অংশ নেয় অশ্বারোহী দল।

অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং শোভাযাত্রার মতো বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, এসব ঘোড়া মূলত ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

এর আগে, সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।

এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’- এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলছে। এতে অংশ নেবে ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading